ভ্যাকসিনের ব্যাপারে সরকারকে সহায়তা করতে জাতীয় পার্টি (জাপা) প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস আবার মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। আমাদের দেশেরও করোনার প্রকোপ বেড়ে যেতে পারে। তাই ভ্যাকসিনের ব্যাপারে সরকারকে সহায়তা করতে জাতীয় পার্টি প্রস্তুত রয়েছে।
বুধবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক, ফিজা অ্যান্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক এবং একাত্তরের কথা পত্রিকার প্রকাশক, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম বাবুল জাতীয় পার্টিতে যোগ দেয়ার পর তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে কারা আগে ভ্যাকসিন পাবে, সে বিষয়ে সুম্পষ্ট ধারণা চায় দেশের মানুষ। তাছাড়া নির্দিষ্ট তাপমাত্রায় ভ্যাকসিন সংরক্ষণ, সরবরাহ এবং বিতরণ নিশ্চিত করতে সরকার কি কি ব্যবস্থা নিয়েছে তাও দেশের মানুষ জানতে চায়।
জিএম কাদের বলেন, বাজার যেভাবে ভেজালে সয়লাব, তাতে করোনা ভ্যাকসিনের ভেজাল হবে না তার নিশ্চয়তা নেই। টিকায় যে ডিস্টিল ওয়াটার থাকবে না সে বিষয়ে জনসাধারণ উদ্বিগ্ন। মন্ত্রনালয় থেকে বলা হয়, সকল প্রস্তুতি নেয়া হয়েছে কিন্তু দেখা যায় কাজের বেলায় সব কিছুই অগোছালো। দেশের মানুষ করোনা ভ্যাকসিনের ব্যাপারে সরকারের সুস্পষ্ট সিদ্ধান্ত জানতে চায়।
তিনি বলেন, রাজধানীর কিছু হাসপাতাল এবং কিছু বেসরকারী হাসপাতালে করোনার চিকিৎসা আছে। কিন্তু সারাদেশের হাসপাতালগুলোতে করোনার কোনও চিকিৎসা নেই। প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে করোনা চিকিৎসায় অক্সিজেন সহায়তাসহ সকল চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
জিএম কাদের আরও বলেন, গোয়েবলসের তত্ত্ব অনুযায়ী একটি মিথ্যা বার বার প্রচার করলে তা সত্যের মত হয়ে দাঁড়ায়। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে বিতর্কিত করতে একটি গোষ্ঠী গোয়েবলসের তত্ত্ব অনুযায়ী মিথ্যা প্রচারণা চালায়। কিন্তু দেশের খেটে খাওয়া হত দরিদ্র মানুষেরা পল্লীবন্ধুর বিরুদ্ধে মিথ্যাচার বিশ্বাস করেনি। তারা এখনও জাতীয় পার্টি এবং পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে ভালোবাসেন।
জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি একটি সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। তাই প্রতিদিনই বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আলোচনা করছেন জাতীয় পার্টিতে যোগ দিতে। দলকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। এ সময় জাতীয় পার্টির প্রতিটি নেতা-কর্মীদের বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দেন জাতীয় পার্টি চেয়ারম্যান।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, শুধু জাতীয় পার্টিই দেশ ও মানুষের কথা উচ্চস্বরে বলতে পারে। দেশ ও মানুষের সাথে জাতীয় পার্টি যে সম্পর্ক তা কখনোই নষ্ট হতে পারে না।
তিনি বলেন, দেশের মানুষ এখনও পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে। তারা জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। সেজন্য জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার।
এছাড়া বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, অ্যাড. গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান শাব্বির আহমেদ, ইয়াহ ইয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, মো. সাইফুদ্দিন খালেদ।
এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন ও মাহমুদুর রহমান মাহমুদ প্রমুখ।